আইন-আদালত

বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবেন না হাইকোর্ট

ঢাকা, ১৭ মে – আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।

রবিবার বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই মন্তব্য করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল এবং বিসিবির পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহিন এম রহমান।

এর আগে মোশাররফ হোসেন নামের এক ব্যক্তি বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে এই আবেদনটি করেছিলেন। শুনানি শেষে বিসিবির আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান যে আদালত নির্বাচনে হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন।

অন্যদিকে গত শনিবার তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল করার অনুরোধ জানিয়ে হাইকোর্টে অপর একটি রিট দায়ের করা হয়। দেশের সাবেক ক্রিকেটার এবং বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন মিলে এই আবেদনটি করেন।

আবেদনকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং খালেদ মাসুদ পাইলট।

এস এম/ ১৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language