দুই মাসের মধ্যে প্রবাসীরা পাবেন বিশেষ ‘প্রবাসী কার্ড’

সিলেট, ১৭ মে – প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন আগামী দুই মাসের মধ্যে প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা সম্বলিত প্রবাসী কার্ড দেওয়া হবে। সিলেটে আয়োজিত গ্লোবালাইজিং সিলেট শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন।
মন্ত্রী বলেন যে দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী রেমিট্যান্স ও বিনিয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাসীদের বিনিয়োগ নিরাপদ করতে সরকার বিশেষ আবাসন প্রকল্প হাতে নিচ্ছে। তিনি জানান যে ভবিষ্যতে প্লটভিত্তিক প্রকল্পের পরিবর্তে অ্যাপার্টমেন্টভিত্তিক আধুনিক আবাসন গড়ার পরিকল্পনা রয়েছে।
এই আবাসন প্রকল্পগুলোতে শুধুমাত্র প্রবাসীরাই বরাদ্দ পাবেন এবং এর যাত্রা শুরু হতে পারে সিলেট থেকেই। এছাড়া ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের জন্য পৃথক লাউঞ্জ নির্মাণ ও মেডিকেল ইউনিট চালুর কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
গুরুতর অসুস্থ প্রবাসীদের জন্য বিমানবন্দরে স্থায়ী অ্যাম্বুলেন্স থাকবে এবং বিদেশে মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও চালু করা হয়েছে। সেমিনারে অন্যান্যের মধ্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী উপস্থিত ছিলেন।
এস এম/ ১৭ মে ২০২৬









