লন্ডনে বর্ণবাদী হামলার দায়ে ট্রাম্পপন্থি ইনফ্লুয়েন্সার ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা

লন্ডন, ১৬ মে – লন্ডনে এক নারীর ওপর বর্ণবিদ্বেষী হামলা এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন ট্রাম্পপন্থি সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবশালী মেলিসা রেইন লাইভলি এবং তার জার্মান প্রেমিক ফিলিপ অস্টারম্যান। ৪০ বছর বয়সী মেলিসার বিরুদ্ধে মারধরের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে ৩৭ বছর বয়সী অস্টারম্যানের বিরুদ্ধে বর্ণবাদমূলক জনশৃঙ্খলা ভঙ্গসহ একাধিক অভিযোগ দায়ের করা হয়েছে।
মেলিসা রেইন লাইভলি একজন পরিচিত রাজনৈতিক পরামর্শক এবং আমেরিকা ফার্স্ট পিআর নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তিনি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের মুখপাত্র পদের জন্য আবেদন করেছিলেন। তার সঙ্গী ফিলিপ অস্টারম্যান মিউনিখভিত্তিক একটি বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের সহযোগী পরিচালক হিসেবে কর্মরত।
তদন্ত অনুযায়ী ঘটনাটি ঘটে গত বছরের ১১ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটায় লন্ডনের বন্ড স্ট্রিট আন্ডারগ্রাউন্ড স্টেশনে। ভুক্তভোগী ৩৪ বছর বয়সী এক নারী তার বোন ও দুই শিশুসন্তানকে নিয়ে স্টেশনে প্রবেশের সময় এই হামলার শিকার হন।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে যে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী পরিবারের ওপর মরিচের গুঁড়ো সদৃশ তরল স্প্রে করেন এবং বর্ণবাদী গালাগাল দেন। ধস্তাধস্তির এক পর্যায়ে মেলিসা ওই নারীর চুল টেনে ধরেন বলেও অভিযোগ রয়েছে। মেলিসা রেইন লাইভলি অতীতে সামাজিক মাধ্যমে ট্রাম্পের অনুসারী হিসেবে বিশেষ জনপ্রিয়তা পান।
২০২০ সালে করোনা মহামারিকালীন একটি সুপারশপে মাস্ক ধ্বংস করার ভিডিও শেয়ার করে তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। এই মামলার প্রথম শুনানি আগামী মঙ্গলবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট কোর্টে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এস এম/ ১৬ মে ২০২৬









