মধ্যপ্রাচ্য

ইসরায়েলে নেতানিয়াহুর বিদায় চান ৫৫ শতাংশ নাগরিক: জনমত জরিপ

তেল আবিব, ১৬ মে – ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জনপ্রিয়তা দ্রুত হ্রাস পাচ্ছে। সম্প্রতি পরিচালিত একটি জনমত জরিপে দেখা গেছে যে দেশটির প্রায় ৫৫ শতাংশ নাগরিক চান নেতানিয়াহু রাজনীতি থেকে অবসর গ্রহণ করুন।

ইসরায়েলি দৈনিক মারিভ প্রকাশিত এই জরিপের তথ্যানুযায়ী বর্তমানে নির্বাচন অনুষ্ঠিত হলে বিরোধী জোট সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান লাজার ইনস্টিটিউট ৫০২ জন ইসরায়েলির ওপর এই জরিপটি পরিচালনা করে যেখানে সম্ভাব্য ত্রুটির হার ধরা হয়েছে ৪ দশমিক ৪ শতাংশ।

জরিপে অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আগামী নির্বাচনে লিকুদ পার্টির নেতৃত্বে নেতানিয়াহুর থাকা উচিত কি না। এর উত্তরে মাত্র ৩৮ শতাংশ মানুষ তার পক্ষে মত দেন এবং ৭ শতাংশ উত্তরদাতা কোনো মন্তব্য করেননি। জরিপের ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে যে ১২০ সদস্যের পার্লামেন্ট নেসেটে বিরোধী দলগুলো ৬১টি আসন পেয়ে সরকার গঠন করতে সক্ষম হতে পারে।

অন্যদিকে বর্তমানে ক্ষমতাসীন জোটের আসন সংখ্যা কমে ৪৯ এ নেমে আসার সম্ভাবনা রয়েছে এবং আরব দলগুলো ১০টি আসন পেতে পারে। বিশ্লেষকদের মতে ইরানের সাথে বাড়তে থাকা উত্তেজনা এবং লেবানন ইস্যুতে নতুন করে তৈরি হওয়া জটিলতা জনমনে উদ্বেগের সৃষ্টি করেছে।

এর পাশাপাশি দেশের অভ্যন্তরে সহিংসতা বৃদ্ধির ঘটনাও সরকারের জনপ্রিয়তায় নেতিবাচক প্রভাব ফেলেছে। বিশেষ করে লিকুদ পার্টি এবং কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গভিরের নেতৃত্বাধীন জোটের প্রতি সাধারণ মানুষের আস্থা কমছে। এদিকে আগাম নির্বাচনের আশঙ্কায় ক্ষমতাসীন জোটের ভেতরেও অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে।

নেসেট ভেঙে দেওয়ার জন্য বিরোধী দলের পক্ষ থেকে ইতোমধ্যেই দুটি বিল উত্থাপন করা হয়েছে। আগামী সপ্তাহে এই বিষয়ে সংসদ অধিবেশনে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে।

বর্তমান সংসদের মেয়াদ আগামী অক্টোবর পর্যন্ত থাকলেও সেপ্টেম্বরেই নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা চলছে। উল্লেখ্য যে ২০২৪ সালের নভেম্বর মাসে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এস এম/ ১৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language