মেডিকেল কলেজ হোস্টেলে ‘আপত্তিকর’ কাণ্ড: ৪ শিক্ষার্থীর সিট বাতিল

ঢাকা, ১৪ মে – রাজধানীর মিরপুরে অবস্থিত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজের ছাত্রাবাসে এক চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। সমকামিতায় জড়িত থাকার অভিযোগে চার শিক্ষার্থীর আবাসিক সিট বাতিল করেছে কলেজ কর্তৃপক্ষ। একই ঘটনায় এক বহিরাগতসহ মোট পাঁচজনকে পুলিশের কাছে সোপর্দ করা হলে ভ্রাম্যমাণ আদালত তাদের ১৫ দিনের কারাদণ্ড দেন। বর্তমানে দণ্ডের মেয়াদ শেষ করে তারা মুক্তি পেয়েছেন।
আবাসিক সিট বাতিল হওয়া চার শিক্ষার্থী হলেন— আহসানুল ইসলাম চৌধুরী (৩৩ ব্যাচ), মহিবুর রহমান নয়ন ও রাব্বি হোসেন ওরফে আরিয়ান শাহ রাব্বি (৩৪ ব্যাচ) এবং শাহরিয়ার পলক (৩৫ ব্যাচ)।
জানা গেছে, আরিয়ান শাহ রাব্বি ও মহিবুর রহমান নয়ন কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করছেন।
কলেজ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে কলেজের মসজিদের পাশের গলি থেকে শাহরিয়ার পলককে এক বহিরাগতের সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি আরও কয়েকজনের নাম প্রকাশ করেন। এর ভিত্তিতেই বাকি তিনজনের নাম সামনে আসে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে কলেজ কর্তৃপক্ষ তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
কলেজের জরুরি একাডেমিক কাউন্সিলের সভায় অভিযুক্ত চার শিক্ষার্থীর ছাত্রাবাসের সিট সাময়িকভাবে বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। হোস্টেল সুপার ডা. মো. মকছেদ আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমকামিতায় আসক্ত থাকার সন্দেহে তাদের আবাসিক সুবিধা বাতিল করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক দাবি করেছেন, অভিযুক্তদের মোবাইল ফোন তল্লাশি করে একাধিক সমকামী অনলাইন গ্রুপের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের এ ধরনের কর্মকাণ্ডে প্রলুব্ধ করা এবং হোস্টেলের শিক্ষার্থীদের অর্ধনগ্ন ছবি তুলে বিভিন্ন গ্রুপে শেয়ার করার মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি তল্লাশিকালে যৌনচর্চায় ব্যবহৃত সামগ্রীও উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।
তদন্তে আরও উঠে এসেছে যে, আটক এক শিক্ষার্থী পূর্বে একই ধরনের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন। এছাড়াও তার স্বাস্থ্যগত জটিলতা (এইডস) থাকার বিষয়টিও আলোচনায় এসেছে, যদিও এসব অভিযোগ স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
কলেজের অধ্যক্ষ ডা. মো. রাশিদুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালতের দেওয়া ১৫ দিনের কারাদণ্ড ইতোমধ্যে শেষ হয়েছে। একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী তাদের ছাত্রাবাসের সিট বাতিল করা হলেও বর্তমানে তাদের ছাত্রত্ব বহাল থাকবে।
এই ঘটনাটি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও নিরাপত্তার বিষয়ে উদ্বেগের সৃষ্টি করেছে/
এনএন/ ১৪ মে ২০২৬









