আস্তিনের সাপ বেরুলে হতাশ হবেন না! মাহফুজ আলমের রহস্যময় স্ট্যাটাসে তোলপাড়

ঢাকা, ১২ মে – জুলাই আন্দোলনের ‘মাস্টারমাইন্ড’ হিসেবে পরিচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। মঙ্গলবার (১২ মে) তাঁর ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া এই পোস্টে তিনি একটি ‘বড় দলকে’ উদ্দেশ্য করে তীক্ষ্ণ মন্তব্য করেছেন, যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানামুখী বিশ্লেষণ।
কাউকে সরাসরি নাম উল্লেখ না করলেও তাঁর কথার তীরে রাজনৈতিক ইঙ্গিত ছিল স্পষ্ট। মাহফুজ আলম লিখেছেন: ‘আমরাও এরকম ভাবতাম, ভাবতে চাইতাম। তারপর আস্তিনের সাপ বেরুলে আমাদের মতন আশ্চর্য, হতাশ ও কিংকর্তব্যবিমূঢ় নিশ্চয়ই আপনারা হবেন না। যেহেতু আপনারা বড় দল বটে। অবশ্য রাষ্ট্র কোনও সূচিকর্ম না। আমরা নিজেদের ভুল দেখে এসেছি, আপনারাও আশা করি দেখবেন।’
মাহফুজ আলমের এই ‘আস্তিনের সাপ’ মন্তব্যটি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
তিনি যেহেতু নির্দিষ্ট কোনো দলের নাম নেননি, তাই অনেকেই মনে করছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল বা ক্ষমতার বলয়ে থাকা সুযোগসন্ধানীদের নিয়ে তিনি এই সতর্কবার্তা দিয়েছেন।
‘রাষ্ট্র কোনো সূচিকর্ম না’—এই বাক্যের মাধ্যমে তিনি সম্ভবত বোঝাতে চেয়েছেন যে রাষ্ট্র পরিচালনা অত্যন্ত জটিল এবং সেখানে সামান্য ভুল বড় বিপর্যয় ডেকে আনতে পারে।
জুলাই আন্দোলনের পর থেকে মাহফুজ আলমের প্রতিটি বক্তব্য বা স্ট্যাটাস রাজনৈতিক অঙ্গনে গুরুত্বের সাথে দেখা হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি যে ‘নিজেদের ভুল’ দেখার কথা বলেছেন, তা বর্তমান ও ভবিষ্যৎ রাজনীতির জন্য এক বিশেষ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।
স্ট্যাটাসটি দেওয়ার পরপরই তাতে হাজার হাজার রিয়্যাকশন এবং কমেন্ট জমা পড়েছে। কেউ কেউ একে সঠিক সময়ের সঠিক হুঁশিয়ারি বলছেন, আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন—মাহফুজ আলম আসলে কোন বড় দলের কথা বলছেন?
এনএন/ ১২ মে ২০২৬









