বাংলাদেশের কাছে হারের পর যা বললেন বিধ্বস্ত পাকিস্তান অধিনায়ক শান মাসুদ

ঢাকা, ১২ মে – পাকিস্তানের দুর্ভেদ্য দুর্গে হানা দিয়ে ১০৪ রানের ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এক সেশনে তাসের ঘরের মতো ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে গেছে পাকিস্তান। টাইগারদের এমন বিধ্বংসী বোলিংয়ের সামনে অসহায় আত্মসমর্পণ করলেও হারের দায় কোনো নির্দিষ্ট ক্রিকেটারের ওপর চাপাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
মঙ্গলবার (১২ মে) সিরিজের প্রথম টেস্টের শেষ দিনে জয়ের পাল্লা বাংলাদেশের দিকেই ছিল। তবে দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটাররা যেভাবে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন, তাতে ক্রিকেট মহলে চলছে তীব্র সমালোচনা। বিশেষ করে সেট হওয়া দুই ব্যাটার আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে পাকিস্তানের মিডল অর্ডার।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হারের কারণ জানতে চাওয়া হলে শান মাসুদ স্পষ্ট জানান, তিনি কাউকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করাতে চান না। তিনি বলেন: “আমি কখনোই দোষারোপের খেলায় বিশ্বাস করি না। আমি নিজে এই হারের দায় নিচ্ছি। তবে আমাদের দেখতে হবে আমরা একটি ভালো টেস্ট দল হিসেবে গড়তে আর কী কী উন্নতি করতে পারি।”
অধিনায়কের মতে, টেস্টের পাঁচ দিনের লড়াইয়ে কেবল একটি ঘটনা বা একটি আউটের ওপর দায় চাপানো ভুল। তিনি মনে করেন, ম্যাচে অনেকগুলো টার্নিং পয়েন্ট ছিল।
হারের পর আবেগপ্রবণ হওয়াটা স্বাভাবিক বলে মানলেও শান মাসুদ দলকে বাস্তবিকভাবে বিচার করার আহ্বান জানান। তাঁর মতে, দলটি অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের সংমিশ্রণে তৈরি, তাই ভুলগুলো কাটিয়ে উঠতে সময় লাগবে।
ম্যাচে আলোক স্বল্পতা বা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে মাসুদ বলেন, কন্ডিশন সবসময় অনুকূলে থাকে না। তাঁর মতে, দুজন সেট ব্যাটার যখন ক্রিজে ছিল, তখন পাকিস্তান ভালো অবস্থায় ছিল। কিন্তু পরবর্তীতে দল হিসেবে ভুল করায় জয় হাতছাড়া হয়েছে।
নিজেদের ঘরের মাঠে বাংলাদেশের কাছে এমন বড় ব্যবধানে হার পাকিস্তানের ক্রিকেটের জন্য এক বিশাল লজ্জা। বিশেষ করে স্পিন সহায়ক উইকেটে বাংলাদেশি স্পিনারদের বিষাক্ত টার্ন সামলাতে হিমশিম খেয়েছেন বাবর আজম-শান মাসুদরা।
এনএন/ ১২ মে ২০২৬









