সীমান্ত রক্ষায় ব্যর্থ হলে সরকার ভুয়া জাতীয়তাবাদী: নাসীরুদ্দীন পাটওয়ারী

ব্রাহ্মণবাড়িয়া, ১২ মে – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার নাগরিকদের নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হচ্ছে। ঢাকা থেকে শুরু করে দেশের সকল বিভাগ ও সীমান্তে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এই সরকারকে কোনোভাবেই জাতীয়তাবাদী বলা যায় না। তিনি মন্তব্য করেন, যারা সীমান্ত রক্ষা করতে পারে না তারা মূলত ভুয়া জাতীয়তাবাদী এবং তাদের হাতে দেশ ও জাতি নিরাপদ নয়।
মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ধজনগর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির কবর জিয়ারত ও তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। গত ৮ মে দিবাগত রাতে ওই সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র মোরছালিন এবং কৃষক নবীর হোসেন নিহত হন।
ঘটনার পর বিজিবির পক্ষ থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বিজিবি নিহতদের চোরাকারবারি আখ্যা দিয়ে মূলত ভারতীয় বয়ান তুলে ধরছে। তিনি বিজিবিকে এই অবস্থান থেকে সরে আসার আহ্বান জানান এবং অভিযোগ করেন যে ভারত সীমান্তে প্রচুর মাদকের কারখানা স্থাপন করেছে।
ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে সীমান্তজুড়ে খাল খননের মাধ্যমে দেশে মাদক প্রবেশ বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। এ সময় দলটির কুমিল্লা বিভাগীয় ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ১২ মে ২০২৬









