সীমান্তে হত্যা ও কাঁটাতার বজায় রেখে বন্ধুত্ব সম্ভব নয়: নাহিদ ইসলাম

ঢাকা, ১২ মে – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সীমান্তে পুনরায় হত্যাকাণ্ড শুরু হয়েছে এবং নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। সীমান্ত এলাকায় দেশের জনগণকে হত্যা করে কারো সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব নয়। তিনি মন্তব্য করেন যে, কাঁটাতার দিয়ে কখনো বন্ধুত্ব হয় না এবং একদিন দেশের জনগণই এই কাঁটাতার উপড়ে ফেলে প্রকৃত বন্ধুত্বের পথ সুগম করবে।
মঙ্গলবার বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এনসিপি সমর্থিত সংগঠন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স আয়োজিত এক আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব বর্তমান সরকারের।
যদি সরকার এই দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে দেশের জনগণ নিজ হাতে সেই দায়িত্ব তুলে নেবে। একইসঙ্গে নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ের বিষয়েও সরকারকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনার স্মৃতিচারণ করে তিনি আরও বলেন, সেই সময়ে সংঘটিত গণহত্যার সঠিক বিচার ও জবাবদিহিতা নিশ্চিত না হওয়ায় চব্বিশে পুনরায় বড় ধরনের হত্যাকাণ্ডের পথ তৈরি হয়েছে। তৎকালীন সময়ে ওই ঘটনাকে ভিন্নভাবে প্রচার করে দমন-পীড়ন চালানো হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
এস এম/ ১২ মে ২০২৬









