প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওআইসিভুক্ত দেশগুলোর কূটনীতিকদের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা, ১২ মে – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ওআইসিভুক্ত (অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন) দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। মঙ্গলবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বিশেষ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাক্ষাৎকালে ওআইসি সদস্যভুক্ত দেশগুলোর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নতুন দায়িত্ব গ্রহণ করায় অভিনন্দন জানানো হয়। সদস্য রাষ্ট্রগুলো বাংলাদেশের সঙ্গে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল এবং ওষুধ শিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের এই সমর্থন ও শুভেচ্ছাকে স্বাগত জানিয়ে সরকার ও দেশের জনগণের পক্ষ থেকে ওআইসিভুক্ত দেশগুলোকে ধন্যবাদ জানান। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়কালের কথা উল্লেখ করে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যতে এই বন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় প্রধানমন্ত্রী দেশগুলোর মধ্যে জনগণের সঙ্গে জনগণের সরাসরি যোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত দেশগুলোর পক্ষ থেকে আরও জোরালো সমর্থন প্রত্যাশা করেন তিনি।
বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা এবং ইরান, ইরাক ও লিবিয়ার মিশন প্রধানরা উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
এস এম/ ১২ মে ২০২৬









