ইউরোপে পাঠানোর নামে সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎ, মিরপুরে নারীসহ গ্রেপ্তার ২

ঢাকা, ১২ মে – সামাজিক যোগাযোগ মাধ্যমে চটকদার বিজ্ঞাপনের আড়ালে ইউরোপ ও অস্ট্রেলিয়ার যাওয়ার প্রলোভন দেখিয়ে সাড়ে তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র্যাব ৪ এর একটি দল। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ২৮ বছর বয়সী নুসরাত জাহান এবং ২৪ বছর বয়সী মো. সোহান।
র্যাব ৪ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এন রায় নিয়তি জানান যে অভিযুক্তরা পল্লবী এলাকায় বিএফসি গ্লোবাল কনসালটেন্সি নামে একটি অফিস খুলে প্রতারণা চালাতেন। তারা ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে আকর্ষণীয় বেতনে অস্ট্রেলিয়া এবং ইতালিসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর মিথ্যা আশ্বাস দিতেন।
ভুক্তভোগীদের সাথে চুক্তির সময় অস্ট্রেলিয়া যাওয়ার জন্য ৯ লাখ টাকা এবং ইতালির জন্য ২০ লাখ টাকা দাবি করা হয়। এছাড়া কুয়েত ও সার্বিয়ার জন্য যথাক্রমে ৬ ও ৮ লাখ টাকার চুক্তি করা হয়। ভুক্তভোগীরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে মোট সাড়ে তিন কোটি টাকা জমা দেন।
টাকা নেওয়ার এক মাস পর তাদের ভুয়া ভিসা ও বিমানের টিকিট প্রদান করা হয়। তবে ফ্লাইটের ঠিক একদিন আগে টিকিট বাতিলের অজুহাত দিয়ে তারা লাপাত্তা হয়ে যান। এই ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং পরে প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম/ ১২ মে ২০২৬









