নারায়নগঞ্জ

ফতুল্লায় বাসায় ভয়াবহ বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ

নারায়ণগঞ্জ, ১১ মে – নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি আবাসিক ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে ফতুল্লার শিবু মার্কেট সংলগ্ন কুতুবপুরের রাখিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আব্দুল কাদের এবং তার তিন ছেলে মেহেদী, সাকিব ও রাকিব। গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বিকট শব্দে একতলা ভবনটির একটি ফ্ল্যাটে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে দেখেন ঘরের দরজা ও জানালা ভেঙে বাইরে ছিটকে পড়েছে। দগ্ধ অবস্থায় পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে এলে তাদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়।

প্রতিবেশী আশরাফুল আলম জানান, গ্যাসলাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাস কিংবা ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণের কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন চারজনের অবস্থাই আশঙ্কাজনক। আব্দুল কাদেরের শরীরের ৫৭ শতাংশ, মেহেদীর ১৮ শতাংশ, সাকিবের ১৭ শতাংশ এবং রাকিবের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এদের মধ্যে দুইজনের শ্বাসনালি পুড়ে গেছে। আব্দুল কাদের পেশায় একজন অটোরিকশা চালক এবং তার তিন ছেলে বিভিন্ন শ্রমসাধ্য কাজের সঙ্গে যুক্ত। ঘটনার সময় আব্দুল কাদেরের স্ত্রী রান্নার প্রস্তুতির জন্য বাইরে থাকায় তিনি অক্ষত রয়েছেন। উল্লেখ্য যে, গত রবিবারও ফতুল্লার অন্য একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছিলেন।

এস এম/ ১১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language