সীমান্তে রক্তপাত বন্ধ করে স্থায়ী বন্ধুত্ব গড়ার আহ্বান রিজভীর

ঢাকা, ১০ মে – বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের সঙ্গে স্থায়ী বন্ধুত্ব গড়ে তুলতে হলে সীমান্তে সহিংসতার মনোভাব পরিহার করতে হবে। তিনি দাবি করেন, দুই প্রতিবেশী দেশের মধ্যে প্রকৃত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য সীমান্ত হত্যা বন্ধ করা জরুরি। রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ৪৫তম কাউন্সিল উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিবেশী রাষ্ট্র ভারতের নির্বাচন প্রসঙ্গে রিজভী বলেন, ভারতে নির্বাচন হওয়া তাদের নিজস্ব বিষয়। সে দেশের জনগণ কাকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। তবে সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে দুইজনের মৃত্যুর ঘটনা উল্লেখ করে তিনি প্রশ্ন তোলেন, সীমান্তে এই রক্তপাত আর কতদিন চলবে। তিনি আরও বলেন, দুই দেশের মানুষই শান্তিপূর্ণ ও সুসম্পর্কের প্রত্যাশা করে। দিল্লির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব চাইলে এই সহিংসতার চর্চা বন্ধ করতে হবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, একটি নির্বাচিত সরকারকে সর্বদা জনগণের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিতে হয়। এসময় সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জনগণের অধিকার রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।
এস এম/ ১০ মে ২০২৬







