দুই হত্যা মামলায় সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরের জামিন

ঢাকা, ১০ মে – রাজধানীর মিরপুর ও রমনা থানায় দায়ের করা দুটি পৃথক হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজল এবং বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আসাদুজ্জামান নূরের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না এবং ব্যারিস্টার রেহান। অন্যদিকে রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শায়লা শারমিন ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আলামিন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে মিরপুর থানায় দায়ের করা কিশোর সিয়াম সরদার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
মামলার নথিপত্র অনুযায়ী, ২০২৪ সালের ১৮ জুলাই মিরপুর এলাকায় সিয়াম সরদার নামের এক কিশোর নিহতের ঘটনায় তার বাবা সোহাগ সরদার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর একটি হত্যা মামলা করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৪ জনকে আসামি করে দায়ের করা ওই মামলায় আসাদুজ্জামান নূরের নাম অন্তর্ভুক্ত রয়েছে।
এস এম/ ১০ মে ২০২৬









