বৈভব সূর্যবংশীর নতুন বিশ্ব রেকর্ড: টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০ ছক্কা

নয়াদিল্লি, ১০ মে – প্রতিদিনই রেকর্ড বইয়ে নিজের নাম নতুন করে লিখছেন বৈভব সূর্যবংশী। এরই মধ্যে আইপিএলে দ্রুততম ভারতীয় হিসেবে সেঞ্চুরি করার গৌরব অর্জন করেছেন তিনি। এছাড়া ৪০ বলের কম খেলে দুটি আইপিএল সেঞ্চুরি করা প্রথম ব্যাটারও তিনি।
গতকাল শনিবার মোহাম্মদ সিরাজের বলে ছক্কা হাঁকিয়ে ১৫ বছর বয়সী এই ব্যাটার আরেকটি বিশ্ব রেকর্ড গড়েছেন। মাত্র ৫১৪ বল খেলে টি-টোয়েন্টিতে দ্রুততম ১০০টি ছক্কা মারার মাইলফলক স্পর্শ করেছেন তিনি। সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবেও এই কীর্তি এখন তার দখলে।
১৬ বলে ৩৬ রানের একটি ঝড়ো ইনিংসে বৈভব তিনটি ছক্কা ও তিনটি চার মারেন। তার তিনটি ছক্কাই এসেছে পাওয়ার প্লেতে। এর ফলে আইপিএলের এক মৌসুমে পাওয়ার প্লেতে সর্বোচ্চ ৩০টি ছক্কা মারার নতুন রেকর্ড গড়লেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল অভিষেক শর্মার দখলে যিনি ২০২৪ সালে প্রথম ছয় ওভারে ২৯টি ছক্কা মেরেছিলেন।
তবে বৈভবের রেকর্ডের দিনে বড় ব্যবধানে হেরে গেছে রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে সাই সুদর্শন ও শুবমান গিলের ফিফটিতে ২৩০ রানের পাহাড় গড়ে গুজরাট টাইটান্স। জবাবে ব্যাট করতে নেমে রশিদ খানের বোলিং তোপে ১৫২ রানেই গুটিয়ে যায় রাজস্থানের ইনিংস। আফগান স্পিনার রশিদ খান ৪টি এবং জেসন হোল্ডার ৩টি উইকেট শিকার করেন।
এনএন/ ১০ মে ২০২৬









