ব্যবসা

কোরবানির ঈদের আগে কমলো মসলার দাম, ক্রেতা সংকটে ব্যবসায়ীরা

ঢাকা, ৯ মে – আসন্ন পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর মসলার বাজারে দেখা গেছে এক ভিন্ন চিত্র। সাধারণত এই সময়ে মসলার চাহিদা ও দাম বাড়ার কথা থাকলেও বর্তমানে অধিকাংশ মসলার দাম কমেছে।

এলাচ, জিরা, জায়ফল ও দারুচিনিসহ প্রায় সব ধরনের পণ্যের দাম আগের তুলনায় নিম্নমুখী। তবে দাম কমলেও বাজারে ক্রেতার উপস্থিতি আশানুরূপ নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

পাইকারি বাজার ঘুরে দেখা যায়, গত দুই বছরের তুলনায় এবার বাজারে মসলার পর্যাপ্ত সরবরাহ রয়েছে। বর্তমানে ভিয়েতনামের আস্ত দারুচিনি ৪২০ টাকায় এবং চীনা দারুচিনি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে যা গত বছরের তুলনায় বেশ কম।

গোলমরিচের বাজারে কালো গোলমরিচের দাম কিছুটা বাড়লেও সাদা গোলমরিচের দাম কমেছে। বাজারে মানভেদে এলাচের দাম কমে কেজিপ্রতি তিন হাজার আটশ থেকে পাঁচ হাজার দুইশ টাকার মধ্যে রয়েছে। কয়েক সপ্তাহ আগেও এই দর আরও বেশি ছিল।

ব্যবসায়ীদের তথ্য অনুযায়ী, ভারতীয় জিরা বর্তমানে ৫১৫ টাকা এবং আফগান জিরা ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া লবঙ্গ, জায়ফল, কাঠবাদাম ও কিসমিসের দামও গত সপ্তাহের তুলনায় কম।

বাজারের এমন পরিস্থিতিতে অনেক ব্যবসায়ী লোকসানের আশঙ্কা করছেন। কেউ কেউ বলছেন, ভারত থেকে অবৈধ পথে আসা মসলার কারণে বৈধ আমদানিকারকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছেন। এতে সরকারও বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে।

বেগম বাজার মৌলভীবাজার বণিক সমিতির পক্ষ থেকেও জানানো হয়েছে যে, অনেক পণ্যের দাম কেজিতে কয়েকশ টাকা কমলেও চাহিদার তুলনায় বিক্রি কম হওয়ায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। আন্তর্জাতিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় আমদানি খরচ কম হওয়াকেও দাম কমার একটি বড় কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ৯ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language