পশ্চিমবঙ্গকে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলবে নতুন সরকার: অমিত শাহ

কলকাতা, ৮ মে – পশ্চিমবঙ্গে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকার দীর্ঘ প্রতীক্ষিত ‘সোনার বাংলা’র স্বপ্নপূরণে সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শুক্রবার (৮ মে) কলকাতায় নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলের নেতা ও হবু মুখ্যমন্ত্রী হিসেবে চূড়ান্ত করার পর তিনি এই মন্তব্য করেন।
তৃণমূল কংগ্রেসের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে বিজেপিকে বিপুল ম্যান্ডেট দেওয়ায় পশ্চিমবঙ্গের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অমিত শাহ। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের মানুষ যে আস্থার সাথে আমাদের ভোট দিয়েছেন, সেই আস্থার মর্যাদা দিয়ে রাজ্যকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমাদের প্রধান লক্ষ্য। আমরা পশ্চিমবঙ্গকে আবার সেই হারানো গৌরব ফিরিয়ে দেব এবং ‘সোনার বাংলা’র স্বপ্ন বাস্তবায়ন করব।”
শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর নেতৃত্বেই পশ্চিমবঙ্গ এক নতুন দিশা পাবে। বৈঠক শেষে জানানো হয় আজ শুক্রবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী রাজভবনে গিয়ে রাজ্যপাল আর এন রবির সাথে দেখা করবেন। এ সময় তাঁর সাথে বিজেপির ২০০-র বেশি বিধায়কের স্বাক্ষর করা সমর্থনপত্র থাকবে, যা সরকার গঠনের পথ নিশ্চিত করবে।
আগামীকাল শনিবার (৯ মে) বেলা ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপির শীর্ষ সারির নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে কোনো বড় দলীয় সমাবেশস্থলে এভাবে প্রকাশ্য দিবালোকে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়া অত্যন্ত বিরল এবং তাৎপর্যপূর্ণ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অমিত শাহর ‘সোনার বাংলা’র স্লোগান মূলত অর্থনৈতিক পুনরুজ্জীবন এবং প্রশাসনিক স্বচ্ছতার ইঙ্গিত দিচ্ছে। বাম এবং তৃণমূল আমলের দীর্ঘ চার দশকের রাজনৈতিক বলয় থেকে বেরিয়ে এসে গেরুয়া শিবিরের এই জয় ভারতের জাতীয় রাজনীতিতে পশ্চিমবঙ্গের গুরুত্বকে এক নতুন উচ্চতায় নিয়ে গেল।
অমিত শাহর হাত ধরে আসা এই ঘোষণা এবং শুভেন্দু অধিকারীর হাতে রাজ্যের চাবিকাঠি—এই দুইয়ের মেলবন্ধনে পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোর পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে কী ধরণের আমূল পরিবর্তন আসে, এখন সেদিকেই তাকিয়ে আছে গোটা ভারত।
এনএন/ ৮ মে ২০২৬









