ইরানি হামলা নস্যাৎ করে হরমুজ প্রণালি পার মার্কিন যুদ্ধজাহাজের, দাবি ট্রাম্পের

ওয়াশিংটন, ৮ মে – মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তার দেশের নৌবাহিনীর তিনটি বিশ্বমানের ডেস্ট্রয়ার অত্যন্ত সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন যে ইরানের আক্রমণের মুখেও যুদ্ধজাহাজগুলো তাদের মিশন সম্পন্ন করতে সক্ষম হয়েছে। ট্রাম্পের মতে, এই অভিযানে তিনটি ডেস্ট্রয়ারের কোনো ক্ষতি হয়নি বরং ইরানি আক্রমণকারীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, ডেস্ট্রয়ারগুলো লক্ষ্য করে ছোড়া মিসাইলগুলো সহজেই ভূপাতিত করা হয়েছে এবং ড্রোনগুলোকে আকাশেই ধ্বংস করা হয়েছে। তিনি ডেস্ট্রয়ারগুলোর ক্রুদের সাহসিকতার প্রশংসা করে বলেন যে তারা এখন পুনরায় নৌ অবরোধে যোগ দিতে প্রস্তুত। এর আগে ইরান দাবি করেছিল যে তাদের হামলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে ওমান উপসাগরের দিকে পালিয়ে গেছে।
ট্রাম্পের এই বক্তব্য ইরানের সেই দাবিকে সরাসরি নাকচ করে দিল। প্রসঙ্গত, ইরানের জলসীমায় একটি তেলবাহী ট্যাংকারে মার্কিন হামলার প্রেক্ষাপটে ইরানি সামরিক বাহিনী পাল্টা হামলার দাবি করে। তবে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এই দাবি অস্বীকার করে জানিয়েছে যে তারা ইরানের উসকানিমূলক আক্রমণগুলো রুখে দিয়েছে এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত করেছে।
সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয় যে যুক্তরাষ্ট্রের কোনো সামরিক সম্পদ ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক অবরোধের বিপরীতে তেহরানের পক্ষ থেকে এটিই ছিল প্রথম বড় ধরনের সামরিক প্রতিক্রিয়া।
এস এম/ ৮ মে ২০২৬









