জাতীয়

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস: নাসীরুদ্দীনের ‘কামব্যাক কমরেড’ পোস্ট

ঢাকা, ৭ মে – মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান যে, মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন এই প্রবীণ নেতা বর্তমানে শঙ্কামুক্ত এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

তার শারীরিক অবস্থার অগ্রগতির খবর প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে ইতিবাচক বার্তা দেখা গেছে। এরই ধারাবাহিকতায় নাসীরুদ্দীন পাটওয়ারী তার ফেসবুক অ্যাকাউন্টে মির্জা আব্বাসের একটি ফটোকার্ড শেয়ার করে লিখেছেন, ফাইট দ্য অডস অ্যান্ড কামব্যাক কমরেড।

গত ১১ মার্চ ইফতারের সময় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে প্রথমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে তার মাথায় একটি অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর এবং সবশেষে মালয়েশিয়ায় নেওয়া হয়।

মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসের বরাত দিয়ে শায়রুল কবির খান আরও জানিয়েছেন যে, তিনি এখন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে পারছেন। চিকিৎসকদের গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী আগামী ঈদুল আজহার আগেই তার দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ৭ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language