দক্ষিণ এশিয়া

কেরালা বিধানসভায় আইইউএমএল নেত্রী ফাতিমা তাহিলিয়ার ঐতিহাসিক জয়

তিরুবনন্তপুরম, ৫ মে – কেরালা বিধানসভা নির্বাচনে ইতিহাস সৃষ্টি করেছেন ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ বা আইইউএমএল এর প্রার্থী ফাতিমা তাহিলিয়া। পেরাম্ব্রা আসনে বাম জোট তথা লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের আহ্বায়ক টিপি রামকৃষ্ণনকে ৫ হাজার ৮৭ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন তিনি। পেশায় আইনজীবী তাহিলিয়া তার দলের প্রথম নারী সদস্য হিসেবে বিধানসভায় পা রাখতে চলেছেন।

ইতিপূর্বে ১৯৯৬ সালে কামারুন্নিসা আনোয়ার এবং ২০২১ সালে নূরবিনা রশিদ প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা জয়ী হতে পারেননি। কামারুন্নিসা আনোয়ারের পরাজয়ের পর দলটি প্রায় পঁচিশ বছর বিধানসভা নির্বাচনে আর কোনো নারী প্রার্থী দেয়নি। তবে বর্তমানে সময়ের সঙ্গে সমাজের বাস্তবতা বদলেছে এবং রাজনীতিতে নারীদের উপস্থিতি বেড়েছে।

এরই প্রভাবে জনজীবনে নারীদের ভূমিকা নিয়ে আইইউএমএলের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে। রাজ্য সভাপতি সৈয়দ সাদিকালী শিহাব থাঙ্গালের নেতৃত্বে আইইউএমএল এবার দুইজন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল। মূলত স্থানীয় সরকার ব্যবস্থায় নারীদের সংরক্ষিত আসন রাজনীতিতে তাদের অংশগ্রহণকে সহজ করেছে।

তাহিলিয়ার এই জয় শুধু তার ব্যক্তিগত অর্জন নয় বরং মুসলিম রাজনীতিতে নারীদের ভূমিকার পালাবদলের ইঙ্গিত। প্রচারণায় তার সহজ এবং প্রাণবন্ত প্রচারণা সাধারণ ভোটারদের আকৃষ্ট করেছে যা অভিজ্ঞ সিপিআই(এম) নেতাকে পরাজিত করতে সহায়তা করেছে। এই জয়ের ফলে ভবিষ্যতে নারীদের জন্য দলে আরও বড় সুযোগ তৈরি হবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

এস এম/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language