সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আবুধাবি, ৫ মে – সংযুক্ত আরব আমিরাতে নতুন করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। সোমবার ভোরে এই হামলা চালানো হলে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী তা সফলভাবে প্রতিহত করেছে। এই পরিস্থিতির প্রেক্ষিতে আরব আমিরাত সরকার সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে অনলাইনে পাঠদানের নির্দেশ দিয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় যে তারা মাঝ আকাশেই ১২টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ৩টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ৪টি ড্রোন ভূপাতিত করেছে। প্রায় এক মাস বিরতির পর দুবাই ও আবুধাবির বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
পরিস্থিতি বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয় জরুরি নির্দেশনা জারি করে জানায় যে ৫ মে মঙ্গলবার থেকে ৮ মে শুক্রবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল এবং বিশ্ববিদ্যালয় সশরীরে বন্ধ থাকবে। তবে শিক্ষার্থীদের পড়াশোনার ধারাবাহিকতা বজায় রাখতে এই চারদিন অনলাইন ক্লাসের মাধ্যমে পাঠদান কার্যক্রম চলমান থাকবে।
এস এম/ ৫ মে ২০২৬









