জাতীয়

দেশের সাত অঞ্চলে ঝড় বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্কতা জারি

ঢাকা, ৫ মে – দেশের সাতটি অঞ্চলে অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত দেওয়া এই বিশেষ পূর্বাভাসে আরও জানানো হয়েছে যে রাজধানী ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এর ফলে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। আজ সন্ধ্যায় ৬টা ৩০ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ২১ মিনিটে সূর্যোদয় হবে বলে আবহাওয়া বার্তায় উল্লেখ করা হয়েছে।

এনএন/ ৫ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language