জাতীয়

জঙ্গিবাদ নিয়ে বিভ্রান্তির অবকাশ নেই: সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের বক্তব্যই চূড়ান্ত

ঢাকা, ৪ মে – দেশে জঙ্গিবাদ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে দুই ধরনের বক্তব্যের সৃষ্টি হওয়া বিভ্রান্তি কাটাতে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, জঙ্গিবাদ বা আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যে বক্তব্য দেয়, সেটিই চূড়ান্ত এবং গ্রহণযোগ্য।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান সম্প্রতি দেশে জঙ্গিবাদের অস্তিত্ব নিয়ে মন্তব্য করেছিলেন, যা স্বরাষ্ট্রমন্ত্রীর আগের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। এই অমিল নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে মন্ত্রী পাল্টা প্রশ্ন করেন, “আচ্ছা আমি কে?” উপস্থিত সাংবাদিকরা ‘আপনি স্বরাষ্ট্রমন্ত্রী’ বলতেই তিনি যোগ করেন, “আমি যেটা বক্তব্য দিয়েছি ওইটাই তো আপনারা ছাপিয়েছেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় কী বলেছে সেটাই শুনতে হবে। হয়তো আপনাদের লেখার মধ্যেও ভুল ব্যাখ্যা (মিস-ইন্টারপ্রেট) হয়ে থাকতে পারে।”

সম্প্রতি পুলিশ বাহিনীতে বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, নিয়োগ, বদলি, পদোন্নতি ও অবসর—এগুলো মন্ত্রণালয়ের রুটিন কাজ এবং সম্পূর্ণ আইনানুগ প্রক্রিয়া। যাদের অবসর দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ ছিল কি না, তা সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে নির্ধারণ করেছে বলে তিনি জানান।

৫ আগস্ট পরবর্তী সময়ে অনেক শীর্ষ সন্ত্রাসী জামিনে জেল থেকে বের হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মন্ত্রী। তিনি বলেন, “তারা জামিনে বের হয়েছে, এটি আদালতের বিষয়। তবে স্বভাবগত অপরাধীরা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে—এমন আশঙ্কা আমাদের আছে। পুলিশ আইনানুযায়ী পদক্ষেপ নেবে এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবে।” সম্প্রতি রাজধানীতে এক শীর্ষ সন্ত্রাসী নিহতের ঘটনাও পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে বলে তিনি নিশ্চিত করেন।

মন্ত্রী জানান, গত ১ মে থেকে সারাদেশে মাদক, অস্ত্র এবং চাঁদাবাজির বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। পুলিশ, র‍্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থা এই অভিযানে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে।

এনএন/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language