মধ্যপ্রাচ্য

ওপেক থেকে আমিরাতের বিদায়ে ইরানের কড়া সমালোচনা

তেহরান, ৪ মে – মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার আবহে তেল রপ্তানিকারক দেশগুলোর প্রভাবশালী জোট ওপেক থেকে সংযুক্ত আরব আমিরাতের বেরিয়ে যাওয়ার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ইরান। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক বিবৃতিতে বলেন যে সদস্যদের প্রতি নেতিবাচক বা প্রতিশোধমূলক প্রতিক্রিয়া হিসেবে জোট ত্যাগ করা কোনোভাবেই গঠনমূলক আচরণ নয়।

বাঘাই আরও উল্লেখ করেন যে ইরান ওপেকের প্রতি তার প্রতিশ্রুতি রক্ষায় অটল থাকবে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন যে সংযুক্ত আরব আমিরাত তার কর্মকাণ্ডের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে সহায়তা করছে যা অনভিপ্রেত।

অন্যদিকে আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানির প্রধান নির্বাহী সুলতান আল জাবের জানিয়েছেন যে ওপেক ও ওপেক প্লাস থেকে সরে আসার এই সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট পক্ষের বিরুদ্ধে নয় বরং জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যেই এটি নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে আমিরাতের এই পদক্ষেপ জোটের দীর্ঘমেয়াদি ঐক্য ও কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এই সিদ্ধান্তের ফলে সৌদি আরবের ওপর যেমন বাড়তি চাপ সৃষ্টি হবে তেমনই তেলের বিশ্ববাজারে ওপেকের একচ্ছত্র নিয়ন্ত্রণ কিছুটা হ্রাস পেতে পারে। এতে করে যুক্তরাষ্ট্র লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির জ্যেষ্ঠ গবেষক র‍্যাচেল জিয়েম্বা মনে করেন এই সিদ্ধান্তের প্রেক্ষাপট অনেক দিন ধরে তৈরি হলেও এর সময় নির্বাচন বেশ তাৎপর্যপূর্ণ।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language