মধ্যপ্রাচ্য

মার্কিন বাহিনীকে হরমুজ প্রণালীতে কবর দেওয়ার হুমকি মোহসেন রেজাইয়ের

তেহরান, ৩ মে – বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীকে মার্কিন বাহিনীর জন্য কবরস্থানে পরিণত করার হুমকি দিয়েছেন ইরানের প্রভাবশালী নেতা মোহসেন রেজাই। আইআরজিসির প্রাক্তন এই কমান্ডার এবং তেহরানের এক্সপেডিয়েন্সি কাউন্সিলের সচিব মার্কিন নৌবাহিনীকে জলদস্যু হিসেবে আখ্যায়িত করেছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মোহসেন রেজাই বলেন, যুক্তরাষ্ট্র হচ্ছে বিশ্বের একমাত্র জলদস্যু যাদের হাতে বিমানবাহী রণতরী রয়েছে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জলদস্যুদের মোকাবিলা করার সক্ষমতা ইরানের রয়েছে এবং তা কেবল যুদ্ধজাহাজ ডোবানোর মধ্যে সীমাবদ্ধ নয়।

বিবৃতিতে তিনি গত মাসে একটি এফ ১৫ ই বিমান ভূপাতিত করার ঘটনার কথা উল্লেখ করেন। তিনি মার্কিন বাহিনীর উদ্দেশ্যে বলেন, আপনাদের রণতরী ও সৈন্যদের কবরস্থানের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক যেমন ইসফাহানে আপনাদের বিমানের ধ্বংসাবশেষ পড়ে ছিল, এখানেও একই পরিণতি হবে।

ইরানি কর্মকর্তাদের দাবি অনুযায়ী, মার্কিন সামরিক বাহিনী যদি এই অঞ্চলে কোনো উসকানিমূলক পদক্ষেপ নেয় কিংবা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানে, তবে এই কৌশলগত সমুদ্রপথটি তাদের জন্য মরণফাঁদ হয়ে উঠবে। মূলত ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ আরোপের পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। ইরান এই অবরোধকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং জলদস্যুতা হিসেবে দেখছে।

এস এম/ ৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language