নীলফামারীর উত্তরা ইপিজেডে চীনা চশমা কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নীলফামারী, ২ মে – নীলফামারীর উত্তরা ইপিজেডে অবস্থিত চীনা মালিকানাধীন চশমা ও অপটিক্যাল ফ্রেম তৈরির প্রতিষ্ঠান ম্যাজেন বিডি লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে এক লিখিত নোটিশের মাধ্যমে মালিকপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়।
বিদ্যুৎ, গ্যাস ও কাঁচামালের বৈশ্বিক সংকট এবং আন্তর্জাতিক বাজারে ক্রেতাদের ক্রয় আদেশ আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় কারখানাটি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারখানার পরিচালক এরেন লি স্বাক্ষরিত নোটিশে জানানো হয়েছে যে কাঁচামাল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় উৎপাদন প্রক্রিয়া ব্যাহত হচ্ছে।
বাংলাদেশ ইপিজেড আইন ২০১৯ এর ১৫ ধারা অনুযায়ী বৃহস্পতিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই লে-অফ কার্যকর থাকবে। এই সময়ে শ্রমিকদের সশরীরে উপস্থিত থাকার প্রয়োজন নেই তবে তারা আইন অনুযায়ী নিয়মিত পাওনা পাবেন।
আগামী ৭ মে থেকে ১৪ মে এর মধ্যে ঈদ বোনাস শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক মোহাম্মদ আব্দুল জব্বার জানান যে এটি স্থায়ী বন্ধ নয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় উৎপাদন শুরু হবে। বর্তমানে এই কারখানায় ৪ হাজার ৩৬১ জন দেশি শ্রমিক ও ৯৬ জন চীনা নাগরিক কর্মরত আছেন।
এস এম/ ২ মে ২০২৬









