দক্ষিণ এশিয়া

মধ্য প্রদেশে নর্মদা নদীতে পর্যটকবাহী নৌকাডুবি, ৯ জনের প্রাণহানি

নয়াদিল্লি, ১ মে – ভারতের মধ্য প্রদেশের নর্মদা নদীতে বরগি বাঁধের জলাশয়ে একটি পর্যটকবাহী ক্রুজ নৌকা উল্টে গিয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়ের কবলে পড়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে যে মধ্য প্রদেশ পর্যটন বিভাগ পরিচালিত এই নৌযানটি হঠাৎ ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগের বাতাসের মুখে পড়ে এবং কয়েক মিনিটের মধ্যে উল্টে যায়। এখন পর্যন্ত ২২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। নিখোঁজ থাকা পাঁচ শিশুসহ অন্যদের সন্ধানে এখনো উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

দুর্ঘটনার সময় নৌযানটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন তার সঠিক সংখ্যা কর্তৃপক্ষ নিশ্চিত করতে পারেনি। বেঁচে ফেরা এক যাত্রী অভিযোগ করেছেন যে যাত্রার শুরুতে তাদের কোনো লাইফ জ্যাকেট দেওয়া হয়নি এবং নৌকা ডুবে যাওয়ার সময় তারা একে অন্যকে লাইফ জ্যাকেট খুঁজে দেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী আবহাওয়া খারাপ হওয়ায় তীর থেকে অনেকে নৌকাটি ফিরিয়ে আনতে বললেও চালক তা উপেক্ষা করে বাঁধের মাঝামাঝি চলে যান।

সম্রাট নামের এক ব্যক্তি যিনি উদ্ধার কাজে সহায়তা করেছেন তিনি জানান যে চালক কথা না শোনায় এই বিপর্যয় ঘটেছে।

এই ঘটনায় মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব নিহতদের প্রত্যেকের পরিবারকে ৪ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। মুখ্যমন্ত্রী একই সঙ্গে এই নৌযানটি সকল নিরাপত্তারীতি মেনে চলছিল কি না তা খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

এনএন/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language