শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন: পাস হলো ৯৪টি বিল

ঢাকা, ৩০ এপ্রিল – রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করার মাধ্যমে সমাপ্তি ঘটল ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের। বৃহস্পতিবার রাত ৯টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ২৫ কার্যদিবসের এই ঐতিহাসিক অধিবেশন শেষ হয়।
গত ১২ মার্চ যাত্রা শুরু করা এই সংসদের শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান নিজ নিজ দলের পক্ষ থেকে সমাপনী বক্তব্য পেশ করেন।
অধিবেশনের বিকেলের অংশে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং সকালের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্ব করেন।
সমাপনী ভাষণে স্পিকার সংসদ পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং দীর্ঘ ১৮ বছর পর জনগণের ভোটে নির্বাচিত একটি সংসদের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করাই এখন মূল লক্ষ্য।
অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের টাইম ম্যাগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় স্থান পাওয়ায় তাকে সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অধিবেশনের খতিয়ান তুলে ধরে জানানো হয়, এই ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছে এবং ৫টি স্থায়ী ও ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংসদীয় প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা অসংখ্য প্রশ্নের উত্তর প্রদান করেন। স্পিকার তার বক্তব্যে বর্তমান সরকারের অগ্রাধিকারমূলক কর্মসূচি যেমন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং খাল খনন কর্মসূচির প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ফ্যাসিস্ট আমলের সব অপরাধের বিচার নিশ্চিত করার অঙ্গীকার করেন।
সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে অধিবেশনের সমাপ্তি ঘোষণা করা হয়।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









