ইরানের শান্তি প্রস্তাবে ট্রাম্পের আপত্তি, পরমাণু ইস্যুতে অনড় অবস্থানে যুক্তরাষ্ট্র

ওয়াশিংটন, ৩০ এপ্রিল – যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ পরিস্থিতির অবসান ও একটি স্থায়ী সমঝোতা চুক্তিতে পৌঁছাতে তিন স্তরের নতুন প্রস্তাব দিয়েছে ইরান। তবে ইরানের এই প্রস্তাবের একটি নির্দিষ্ট পর্যায় নিয়ে তীব্র আপত্তি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন।
পাকিস্তানের মধ্যস্থতায় সম্প্রতি এই শান্তি প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের কাছে পাঠানো হয়। প্রস্তাবের প্রথম স্তরে ইরান ও লেবাননে যুদ্ধ সম্পূর্ণ বন্ধ করা এবং দেশ দুটিতে কোনো মার্কিন বা ইসরায়েলি হামলা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে। দ্বিতীয় পর্যায়ে ইরানের বন্দরসমূহ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি থেকে মার্কিন অবরোধ প্রত্যাহারের কথা বলা হয়েছে।
এছাড়া এই প্রণালি পরিচালনার প্রশাসনিক কাঠামো নিয়ে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে বলা হয়েছে, প্রথম ও দ্বিতীয় পর্যায়ের দাবিগুলো মেনে নেওয়া হলে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। মূলত এই শেষ পর্যায়টি নিয়েই প্রেসিডেন্ট ট্রাম্প তার আপত্তির কথা জানিয়েছেন। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আগে পরমাণু প্রকল্প নিয়ে সমঝোতা হতে হবে এবং এর পরই কেবল অন্যান্য বিষয়ে আলোচনা সম্ভব।
ট্রাম্পের মতে, তিনি কোনোভাবেই ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবেন না।
সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন, ইরান হরমুজ প্রণালি থেকে মার্কিন প্রহরা সরিয়ে নেওয়ার প্রস্তাব দিলেও তিনি এতে রাজি নন।
গত ১২ এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে অবরোধ এবং হরমুজ প্রণালিতে কঠোর প্রহরা জারির নির্দেশ দেন ট্রাম্প। তার দাবি, বোমাবর্ষণের চেয়ে এই অর্থনৈতিক অবরোধ ইরানের ওপর বেশি প্রভাব ফেলছে।
বর্তমানে ইরান এক প্রকার দমবন্ধকর পরিস্থিতিতে রয়েছে উল্লেখ করে ট্রাম্প সতর্ক করেন যে, পরমাণু অস্ত্র ত্যাগের বিষয়ে ঐকমত্যে না পৌঁছালে কোনো ইস্যুতেই অগ্রগতি হবে না।
এনএন/ ৩০ এপ্রিল ২০২৬









