জাতীয়

অন্তর্বর্তী সরকারের সদস্যদের দুর্নীতির অভিযোগ শামার, প্রমাণ চাইলেন নাহিদ

ঢাকা, ২৮ এপ্রিল – জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের তরুণ সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি দাবি করেন, জুলাই অভ্যুত্থানে নতুন প্রজন্মের দেশপ্রেম প্রমাণিত হলেও ৫ আগস্ট পরবর্তী সরকারের কিছু নবীন সদস্যের বিরুদ্ধে গত দেড় বছরে দুর্নীতির অভিযোগ উঠেছে।

শামা ওবায়েদের এই বক্তব্যের কড়া জবাব দিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, আমি সেই সরকারের উপদেষ্টা ছিলাম। জাতীয় সংসদে যেহেতু দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে, তাই ওনাদের প্রমাণ দিতে হবে আমি কোথায় দুর্নীতি করেছি।

তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমান পররাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীও ওই সরকারের অংশ ছিলেন এবং তিনি নিজে নির্বাচনের অনেক আগেই পদত্যাগ করেছেন।

আলোচনায় শামা ওবায়েদ বলেন, শুধু ফেসবুক স্ট্যাটাস বা ভাইরাল হওয়ার রাজনীতি দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশ গঠনে অভিজ্ঞতার পাশাপাশি সাহস ও বুদ্ধিমত্তার প্রয়োজন। তিনি বিএনপিকে রাজপথের লড়াকু শক্তি হিসেবে উল্লেখ করে বলেন, ১৯৭১ সালে সামাজিক যোগাযোগ মাধ্যম থাকলে দেশ স্বাধীন হতো কি না তা নিয়ে সংশয় রয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা চাই এমন এক বাংলাদেশ যেখানে আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। কাদা ছোড়াছুড়ি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করলে সংসদ থেকেই গুণগত পরিবর্তন শুরু হবে।

বক্তব্যের শেষ পর্যায়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী তার বক্তব্যে সুনির্দিষ্টভাবে কারও নাম উল্লেখ করেননি।

এনএন/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language