দক্ষিণ এশিয়া

শ্রীলঙ্কায় ১১০ কেজি গাঁজাসহ ২২ বৌদ্ধ ভিক্ষু গ্রেফতার

কলম্বো, ২৮ এপ্রিল – শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে ১১০ কেজি গাঁজাসহ ২২ জন বৌদ্ধ ভিক্ষুকে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। শনিবার থাইল্যান্ড থেকে একটি ফ্লাইটে কলম্বোতে পৌঁছানোর পর তাদের মালামাল তল্লাশি করে বিপুল পরিমাণ এই মাদক উদ্ধার করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায় যে প্রতিটি ভিক্ষুর লাগেজ থেকে প্রায় ৫ কেজি করে গাঁজা উদ্ধার করা হয়েছে।

মাদকগুলো সুকৌশলে লাগেজের ভেতরে তৈরি করা বিশেষ গোপন অংশে লুকানো ছিল। তদন্তে জানা গেছে যে গ্রেফতার হওয়া এই ভিক্ষুরা মূলত বিভিন্ন মঠের শিক্ষার্থী। জনৈক এক দাতার সৌজন্যে চার দিনের সফরে তারা থাইল্যান্ড ভ্রমণে গিয়েছিলেন। পরবর্তীতে এই ঘটনার প্রধান আয়োজক হিসেবে অভিযুক্ত ২৩তম এক ভিক্ষুকে কলম্বোর একটি উপশহর থেকে পুলিশ গ্রেফতার করে।

পুলিশের দাবি অনুযায়ী আটক ভিক্ষুরা জানিয়েছেন যে লাগেজে থাকা প্যাকেটগুলো দান হিসেবে পাঠানো হয়েছে বলে তাদের জানানো হয়েছিল এবং কলম্বোতে একটি ভ্যান এসে সেগুলো সংগ্রহ করার কথা ছিল। শ্রীলঙ্কা পুলিশের মাদকদ্রব্য দমন ব্যুরো আটক কয়েকজন ভিক্ষুর মোবাইল ফোন থেকে কিছু ছবি ও ভিডিও উদ্ধার করেছে।

সেখানে তাদের থাইল্যান্ডে সাধারণ পোশাকে অবসর সময় কাটাতে দেখা যায়। পুলিশ কর্মকর্তাদের ধারণা আটক ভিক্ষুরা হয়তো জানতেন না যে তাদের লাগেজে মাদকদ্রব্য বহন করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকগুলো মূলত স্কুল সরঞ্জাম ও মিষ্টির প্যাকেটের ভেতরে লুকানো অবস্থায় পাওয়া যায়। উল্লেখ্য যে শ্রীলঙ্কার বিমানবন্দরে মাদক পাচারের অভিযোগে এত বড় কোনো ভিক্ষু দলের গ্রেফতারের ঘটনা এটিই প্রথম।

এস এম/ ২৮ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language