আফ্রিকা

সোমালিয়া উপকূলে ফের সক্রিয় জলদস্যুরা: এক সপ্তাহে চারটি জাহাজ আক্রান্ত

মগাদিশু, ২৭ এপ্রিল – ভারত মহাসাগরের সোমালিয়া উপকূলে জলদস্যুদের তৎপরতা নতুন করে বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক নৌ চলাচলে গভীর শঙ্কা তৈরি হয়েছে। গত এক সপ্তাহে অন্তত চারটি জাহাজ জলদস্যুদের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হুমকির মাত্রা বাড়িয়ে বিশেষ সতর্কবার্তা জারি করেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে যে গত রবিবার অজ্ঞাত পরিচয় একদল ব্যক্তি একটি জাহাজ দখল করে সেটিকে সোমালিয়ার আঞ্চলিক জলসীমার দিকে ঘুরিয়ে নেয়।

বর্তমানে ওই অঞ্চলে আবহাওয়া ছোট নৌযান পরিচালনার উপযোগী হওয়ায় জলদস্যুদের ঝুঁকি আরও বেড়েছে বলে জানানো হয়েছে। সর্বশেষ ছিনতাইয়ের ঘটনাটি ঘটেছে গারাকাদ উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে। এছাড়া গত ২১ এপ্রিল উত্তর সোমালিয়ার মারেয়ো উপকূলেও একটি জাহাজ দখলের চেষ্টার খবর পাওয়া গেছে। গত ২২ এপ্রিল সোমালিয়া উপকূলের কাছে অনার ২৫ নামক একটি তেলবাহী ট্যাংকার ছিনতাই করা হয়।

ওই জাহাজে পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, শ্রীলঙ্কা এবং মিয়ানমারের মোট ১৭ জন নাবিক ছিলেন। এর পাশাপাশি একটি মাছ ধরার নৌকা দখলের ঘটনাও সামনে এসেছে। বিশ্বব্যাংকের একটি পরিসংখ্যান অনুযায়ী ২০০৫ থেকে ২০১২ সালের মধ্যে সোমালি জলদস্যুরা মুক্তিপণ আদায়ের মাধ্যমে ৩৩৯ থেকে ৪১৩ মিলিয়ন ডলার পর্যন্ত আয় করেছিল। মাঝে দীর্ঘ সময় এই তৎপরতা স্তিমিত থাকলেও গত তিন বছরে তা আবারও আশঙ্কাজনকভাবে ফিরে এসেছে যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language