গাইবান্ধা

গোবিন্দগঞ্জে কালবৈশাখী ঝড়ের তাণ্ডব: ৫টি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি

গাইবান্ধা, ২৭ এপ্রিল – গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার মহিমাগঞ্জ, শালমারা, শিবপুর, কোচাশহর এবং রাখালবুরুজ ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া এই ঝড়ে ঘরবাড়ি, গাছপালা ও ফসলের মারাত্মক ক্ষতি হয়। গত রবিবার বিকেল ৩টার দিকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে প্রায় একশ পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে।

মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মজনু মিয়া জানিয়েছেন, তার এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি এবং অনেক দরিদ্র মানুষের থাকার জায়গা টুকুও অবশিষ্ট নেই। তিনি দ্রুত সরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন।

এদিকে কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্যক্তিগতভাবে সহায়তা প্রদান করছেন বলে জানা গেছে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এস এম/ ২৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language