সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল

ঢাকা, ২৬ এপ্রিল – সংসদ সদস্যদের জন্য দীর্ঘদিনের প্রচলিত শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। রবিবার জাতীয় সংসদ অধিবেশনে ‘দ্য মেম্বারস অব পার্লামেন্ট (রেম্যুনিউরেশন অ্যান্ড অ্যালাউন্সেস) অর্ডার, ১৯৭৩’ সংশোধন করে একটি বিল পাসের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদে বিলটি উত্থাপন করলে কোনো আলোচনা ও সংশোধনী ছাড়াই তা সর্বসম্মতিক্রমে পাস হয়।
বিলে বিদ্যমান আইনের ৩সি ধারাটি সম্পূর্ণভাবে বিলুপ্ত করা হয়েছে। পূর্ববর্তী আইনে বলা ছিল যে, একজন সংসদ সদস্য তার মেয়াদের মধ্যে শুল্ক, উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ছাড়াই একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করতে পারবেন। এছাড়া পাঁচ বছর পূর্ণ হওয়ার পর পুনরায় একই সুবিধায় আরেকটি গাড়ি আমদানির সুযোগ ছিল। এখন থেকে সেই বিশেষ সুবিধা আর কার্যকর থাকবে না।
উল্লেখ্য যে, গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা জয়ী হলে শুল্কমুক্ত গাড়ি ব্যবহারের সুবিধা গ্রহণ করবেন না। ভোটের পর ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় সভা থেকেও একই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে গাড়ি ও সরকারি প্লট গ্রহণ না করার বিষয়ে পূর্বেই ঘোষণা দেওয়া হয়েছিল।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









