পটুয়াখালী

পটুয়াখালীতে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ছাত্রশিবির নেতার পদত্যাগ

পটুয়াখালী, ২৬ এপ্রিল – পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। শনিবার তিনি তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে একটি দীর্ঘ পোস্টের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানান। ফেসবুক পোস্টে ইব্রাহিম উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মহিপুর থানা শাখার সাথে যুক্ত ছিলেন এবং সেখানে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ পথচলায় অনেক অভিজ্ঞতা অর্জনের কথা জানিয়ে তিনি বলেন, সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে তিনি স্বেচ্ছায় সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন। তিনি আরও জানান, দেশের সেবা এবং নৈতিক কাজের ক্ষেত্র শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। একজন সচেতন নাগরিক হিসেবে তিনি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে চান।

এই ঘোষণার মাধ্যমে তিনি তার বর্তমান সাংগঠনিক পদ এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করেছেন। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা নেই জানিয়ে তিনি বলেন, এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং দীর্ঘ চিন্তাভাবনার ফসল। এখন থেকে সাধারণ নাগরিক হিসেবে নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। অতীতে যাদের সাথে কাজ করেছেন, তাদের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়ে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন এই সাবেক ছাত্রনেতা।

এস এম/ ২৬ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language