সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ৬ মাস সময় দিল হাইকোর্ট

ঢাকা, ২৬ এপ্রিল – সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরও ছয় মাস সময় নির্ধারণ করে দিয়েছেন হাইকোর্ট। রবিবার বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। এর আগে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলেন এবং তদন্ত শেষ করার জন্য ছয় মাস সময় বেঁধে দিয়েছিলেন।
পিবিআই প্রধানকে আহ্বায়ক করে গঠিত চার সদস্যের এই বিশেষ টাস্কফোর্স বর্তমানে আলোচিত এই মামলাটি নিয়ে কাজ করছে। এই মামলার তদন্ত প্রক্রিয়ায় এর আগে র্যাব দীর্ঘ ১২ বছরে মোট ১১২ বার সময় নিয়েছিল কিন্তু কোনো চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে পারেনি।
উল্লেখ্য যে, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় সাংবাদিক দম্পতি সাগর ও রুনি নৃশংসভাবে খুন হন। সাগর সরওয়ার মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক ছিলেন এবং মেহেরুন রুনি এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক হিসেবে কর্মরত ছিলেন। দীর্ঘ এক যুগেরও বেশি সময় পার হলেও চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি।
এস এম/ ২৬ এপ্রিল ২০২৬









