ঢাকা

আশুলিয়ায় জাবি শিক্ষার্থীদের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষে আহত ৪০

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি – ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ার গেরুয়াবাজার এলাকায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ আহত হয়েছে অন্তত ৪০ জন। সংঘর্ষের সময় বিক্ষুব্ধ এলাকাবাসী বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীদের চারটি মোটরসাইকেল ভাঙচুর করে জ্বালিয়ে দিয়েছে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এলাকাবাসী বলছে, গত ১১ ফেব্রুয়ারি গেরুয়াবাজার এলাকায় বাতিঘর নামের একটি সংগঠন ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। সেই টুর্নামেন্টে একটি দলের পক্ষ থেকে জাবির কয়েকজন শিক্ষার্থী খেলতে যান। ওইদিন খেলাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সকালে একদল সন্ত্রাসী বাতিঘরের কার্যালয়ে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। সেই সঙ্গে তারা তিনটি দোকানে তালা ঝুলিয়ে বেশ কয়েকটি বাড়ির মানুষজনকে হত্যার হুমকি দিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। সন্ধ্যায় গেরুয়াবাজার এলাকায় নজরুল নামের এক যুবককে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে জাবি শিক্ষার্থীরা মারধর করে। এ খবর ছড়িয়ে পড়তেই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ওই শিক্ষার্থীদের ধাওয়া দেয়। বিশ্ববিদ্যালয়ে এ খবর পৌঁছাতেই আরও শিক্ষার্থী গেরুয়াবাজার এলাকায় এলে উভয়পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে। পরে আশুলিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন : ‘জিয়াকে খেতাব দিয়েছিলো বঙ্গবন্ধু, তিনি তা রক্ষা করতে পারেননি’

জাবির ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান জানান, সংঘর্ষে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন, গেরুয়ার মেসগুলোতে ছাত্রদের আটকে রাখা হয়েছে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে। তবে ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে। গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে সংঘর্ষের পর গেরুয়াবাজার এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থমথমে অবস্থা বিরাজ করছে। আশুলিয়া থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বর্তমানে করোনা ভাইরাসের কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও জাবির শতাধিক শিক্ষার্থী গেরুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সূত্র : আমাদের সময়
এন এ/ ১৯ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language