জাতীয়

দেশে হাম পরিস্থিতির অবনতি: একদিনে আরও ১১ জনের মৃত্যু

ঢাকা, ২৫ এপ্রিল – দেশে হাম পরিস্থিতির ক্রমাগত অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১১ জনের প্রাণহানি ঘটেছে। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ৩০ হাজার ৬০৭ জন সন্দেহভাজন হামরোগী শনাক্ত হয়েছেন।

এদের মধ্যে ৪ হাজার ৪৬০ জনের শরীরে এই রোগের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন ও নিশ্চিত রোগী মিলিয়ে মোট ২০ হাজার ৪৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ হাজার ৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৪২ জন মারা গেছেন। এছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ২০৯ জনের। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ৫৮ জন সন্দেহভাজন রোগী শনাক্ত করা হয়েছে। আক্রান্তদের মধ্যে বড় একটি অংশই শিশু। দেশের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা।

এস এম/ ২৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language