জাতীয়

সংসদ সদস্য ফজলুর রহমানকে নিয়ে কটূক্তি: আমির হামজাকে আইনি নোটিশ

কুষ্টিয়া, ২৩ এপ্রিল – কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং কটূক্তির অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়।

সংগঠনটির সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী নুরুল ইসলাম এই আইনি পদক্ষেপ নেন।

নোটিশে উল্লেখ করা হয় যে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মুফতি আমির হামজার একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভাইরাল হয়। সেখানে তিনি প্রবীণ রাজনীতিবিদ ফজলুর রহমানকে পাগল বলে সম্বোধন করেন এবং তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। এছাড়া তাকে কুকুর মারার ইনজেকশন দেওয়ার মতো কুরুচিপূর্ণ মন্তব্যও করতে দেখা যায়।

নোটিশ দাতা দাবি করেছেন যে, একজন বীর মুক্তিযোদ্ধা এবং বর্তমান সংসদ সদস্যকে নিয়ে এ ধরনের বক্তব্য চরম অবমাননাকর। এতে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

নোটিশ প্রাপ্তির ১০ দিনের মধ্যে এই বক্তব্যের বিষয়ে সন্তোষজনক জবাব না দিলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, মুফতি আমির হামজার বিরুদ্ধে এর আগেও কুষ্টিয়া মেডিকেল কলেজ এবং ডিসি নিয়োগের ঘুষ সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের অভিযোগে একাধিক আইনি নোটিশ পাঠানো হয়েছিল। এছাড়া সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সম্পর্কে নেতিবাচক মন্তব্যের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এনএন/ ২৩ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language