পরিবহনের নতুন ভাড়া নির্ধারণে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত

ঢাকা, ২২ এপ্রিল – জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে বাস ও ট্রাকসহ সব ধরনের গণপরিবহনের নতুন ভাড়া নির্ধারণের বিষয়ে আগামী বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সচিবালয়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন যে বুধবারের সভায় ভাড়ার বিষয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়নি।
বৃহস্পতিবার পুনরায় বৈঠকের মাধ্যমে নতুন ভাড়া নির্ধারণের বিষয়টি চূড়ান্ত করা হবে। এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিবহন খাত বর্তমানে ক্রমবর্ধমান আর্থিক চাপের মুখে রয়েছে। সম্প্রতি ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা বৃদ্ধি এবং ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানিকৃত খুচরা যন্ত্রাংশসহ যানবাহনের রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।
এই পরিস্থিতিতে পরিবহন খাতের স্থিতিশীলতা রক্ষায় জ্বালানির মূল্য ও অতিরিক্ত খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে দ্রুত ও যৌক্তিকভাবে ভাড়া পুনর্নির্ধারণ করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন মালিক সমিতির নেতারা।
এস এম/ ২২ এপ্রিল ২০২৬









