ট্রাম্পের যুদ্ধবিরতি বৃদ্ধির ঘোষণায় ইরানের সতর্ক নীরবতা

তেহরান, ২২ এপ্রিল – যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এ বিষয়ে রহস্যময় নীরবতা পালন করছে ইরান। সাধারণত আন্তর্জাতিক বড় ইস্যুগুলোতে তেহরান দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে থাকে। তবে এবারের এই নীরবতাকে নিছক উদাসীনতা নয় বরং অত্যন্ত সতর্ক অবস্থান হিসেবে মূল্যায়ন করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
এখন পর্যন্ত ইরানের সরকারি কর্মকর্তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তেহরানের উচ্চপদস্থ সূত্রগুলোর তথ্যমতে তারা শুধু বর্তমান যুদ্ধবিরতি নিয়ে ভাবছে না বরং পুরো পরিস্থিতির একটি সামগ্রিক চিত্র গভীরভাবে পর্যবেক্ষণ করছে।
বিশ্লেষকদের মতে এই দীর্ঘ নীরবতার পেছনে বেশ কয়েকটি সুনির্দিষ্ট কারণ রয়েছে। প্রথমত গভীর অবিশ্বাসের জায়গা থেকে এই নীরবতার সৃষ্টি। ইরানের দীর্ঘদিনের অভিযোগ হলো যুক্তরাষ্ট্র অতীতের চুক্তি ও আলোচনায় দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি। বিশেষ করে পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফাভাবে সরে যাওয়ার ঘটনাটিকে তারা বড় উদাহরণ হিসেবে দেখে। ফলে কেবল যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোই তাদের কাছে যথেষ্ট নয়।
দ্বিতীয়ত ইরান এখন ভবিষ্যৎ আলোচনার শর্ত এবং তা বাস্তবায়নের নিশ্চয়তা নিয়ে চিন্তা করছে।
তৃতীয়ত সরাসরি প্রতিক্রিয়া না জানিয়ে তারা কৌশলগতভাবে ট্রাম্প প্রশাসনকে অনিশ্চয়তার মধ্যে রাখতে চাইছে।
চতুর্থত প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও ইরান সমান্তরালভাবে সম্ভাব্য আলোচনা এবং সংঘাত উভয় পরিস্থিতির জন্যই অভ্যন্তরীণ ও সামরিক প্রস্তুতি নিচ্ছে।
সার্বিকভাবে তেহরান এই বার্তা দিতে চাইছে যে তারা আলোচনার বিরোধী নয় তবে পারস্পরিক বিশ্বাস ছাড়া কোনো বাস্তব অগ্রগতি সম্ভব নয়।
এনএন/ ২২ এপ্রিল ২০২৬









