আইন-আদালত

দেড় মাসের শিশুসহ গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন

ঢাকা, ২১ এপ্রিল – বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় রাজধানীর তেজগাঁও থানায় করা একটি মামলায় গ্রেপ্তার যুব মহিলা লীগ নেত্রী মোসা. শিল্পী বেগমের জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার তাকে তার দেড় মাস বয়সী শিশু সন্তানসহ আদালতে হাজির করা হলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এই আদেশ দেন।

পাঁচ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট দাখিল হওয়া পর্যন্ত শিল্পী বেগমের এই জামিন কার্যকর থাকবে। এর আগে দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসেন মোহাম্মদ জোনাঈদ শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন। পরবর্তীতে আসামি পক্ষের আইনজীবীরা জামিন আবেদনের পুনর্বিবেচনা চেয়ে আবেদন করলে আদালত তা গ্রহণ করেন।

আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি বিচারকের খাস কামরায় জামিন আবেদনের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও তেজগাঁও থানার উপ-পরিদর্শক শেখ নজরুল ইসলাম আসামিকে কারাগারে আটকে রাখার আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন যে শিল্পী বেগম বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন এবং সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন।

গত ২০ এপ্রিল রাতে শিল্পী বেগমকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ থেকে জানা গেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. তাহমিদ মুবিন রাতুল গত বছরের ১৬ জুলাই চানখাঁরপুল এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হন। পরবর্তীতে ২৩ জুলাই আসামি শিল্পী বেগমের নির্দেশে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে রাতুলের বাসায় হামলা চালায়। এসময় বাসায় ভাঙচুর এবং লুটপাট চালানো হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এছাড়া ভুক্তভোগীর বাবা মো. সোহেল রানাকে মারধর এবং বাসার সামনে বোমা বিস্ফোরণ ঘটানোর অভিযোগও রয়েছে শিল্পীর বিরুদ্ধে। চলতি বছরের ২৫ জানুয়ারি তেজগাঁও থানায় এই মামলাটি দায়ের করা হয়েছিল।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language