বলিউড

বক্স অফিসে দাপট দেখাচ্ছে অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

মুম্বাই, ২১ এপ্রিল – বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও নির্মাতা প্রিয়দর্শন জুটির নতুন সিনেমা ‘ভূত বাংলা’ বক্স অফিসে শক্তিশালী অবস্থান তৈরি করেছে। মুক্তির প্রথম চার দিনে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৭৭ কোটি ৩৪ লাখ রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৮ কোটি টাকা। তবে সপ্তাহান্তের ছুটির পর প্রথম সোমবার আয়ের গতি কিছুটা কমেছে।

সিনেমা ব্যবসার তথ্য বিশ্লেষণকারী সংস্থা স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী সোমবার ভারতের বাজারে সিনেমাটি ৬ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। এর আগে প্রিভিউ শো থেকে ৩ কোটি ৭৫ লাখ এবং মুক্তির প্রথম দিনে ১২ কোটি ২৫ লাখ রুপি সংগ্রহ করেছিল ছবিটি। ছুটির দিন শনিবার ১৯ কোটি এবং রবিবার ২৩ কোটি রুপি আয় করে সিনেমাটি বক্স অফিসে শক্ত ভিত পায়। সব মিলিয়ে ভারতের অভ্যন্তরীণ বাজারে ‘ভূত বাংলা’র বর্তমান আয় ৬৪ কোটি ৭৫ লাখ রুপি।

দীর্ঘ দশ বছর পর জনপ্রিয় এই অভিনেতা ও পরিচালক জুটি একসঙ্গে ফেরায় দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। ইতিপূর্বে তারা ‘হেরা ফেরি’ ও ‘ভুল ভুলাইয়া’র মতো একাধিক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। এবারের হরর কমেডি ঘরানার এই ছবিতে অক্ষয়ের সঙ্গে আরও অভিনয় করেছেন টাবু, ওয়ামিকা গাব্বি এবং রাজপাল যাদব। এছাড়া একটি বিশেষ চরিত্রে কলকাতার অভিনেতা যীশু সেনগুপ্তকেও দেখা গেছে।

এস এম/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language