শিক্ষা

সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

ঢাকা, ২১ এপ্রিল – সারাদেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় এই পরীক্ষা শুরু হয়। এতে দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা চলবে।

এদিন সকাল সাড়ে ৮টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের সুযোগ দেওয়া হয়। অধিকাংশ কেন্দ্রের প্রবেশপথে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই করা হয়েছে এবং কোনো অতিরিক্ত কাগজপত্র সঙ্গে আছে কি না তা তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবারের পরীক্ষায় নিরাপত্তা ও কড়া নজরদারি নিশ্চিতে শিক্ষাপ্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। বিশেষ করে ডিজিটাল জালিয়াতি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকরা কেন্দ্রে আসতে শুরু করেন। আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় গরম কম অনুভূত হলেও যানজটের কারণে অনেককে ভোগান্তিতে পড়তে হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ৯টি বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় বাংলা ২ বিষয়ের পরীক্ষা চলছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্যমতে, এবার ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন এবং অনিয়মিত পরীক্ষার্থী চার লাখের বেশি।

আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক কামাল উদ্দিন হায়দার জানান, সুষ্ঠু পরীক্ষা আয়োজনে ভিজিল্যান্স টিমসহ মাঠপর্যায়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে এবং কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

এনএন/ ২১ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language