মেহেরপুরে সিরিয়াল ভেঙে তেল না পেয়ে ফিলিং স্টেশনে হামলা ও ভাঙচুর

মেহেরপুর, ১৯ এপ্রিল – মেহেরপুর সদর উপজেলার কাথুলী সড়কে অবস্থিত ‘জেড কে ফিলিং স্টেশনে’ হামলা ও ব্যাপক ভাঙচুর চালিয়েছে একদল যুবক। রোববার দুপুরে সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়াকে কেন্দ্র করে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে।
পাম্পের স্বত্বাধিকারী রেজানুর রহমান বিশ্বাস অভিযোগ করে বলেন, স্থানীয় মাঠপাড়া ও নতুন পাড়ার বেশ কিছু যুবক প্রায়ই পাম্পে এসে নিয়ম বহির্ভূতভাবে তেল নেওয়ার চেষ্টা করত।
রোববার দুপুরে হঠাৎ করে অর্ধশতাধিক যুবক ৫০টিরও বেশি মোটরসাইকেল নিয়ে পাম্পে উপস্থিত হয়। তারা সাধারণ নিয়ম উপেক্ষা করে সিরিয়াল ভেঙে আগে তেল নিতে চাইলে পাম্প কর্তৃপক্ষ তাতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষিপ্ত হয়ে যুবকরা স্টেশনের আসবাবপত্র ও বিভিন্ন যন্ত্রপাতি ভাঙচুর করে। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর সেলিমের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুবন চন্দ্র হালদার ঘটনাস্থল পরিদর্শন করেন।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬









