নেদারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে কৃষিমন্ত্রীর বৈঠক: কৃষি খাতে সহযোগিতার আশ্বাস

ঢাকা, ১৯ এপ্রিল – কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন-উর-রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল।
রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকের শুরুতে কৃষিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং উভয় দেশের মধ্যে কৃষি, প্রাণিসম্পদ ও জলবায়ু অভিযোজনসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎ শেষে কৃষিমন্ত্রী জানান যে বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষিনির্ভর। এদেশের মাটি অত্যন্ত উর্বর এবং বছরজুড়ে এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। নেদারল্যান্ডসেও ব্যাপক আকারে চাষাবাদ হয় বিধায় দুই দেশের মধ্যে কৃষিখাতে পারস্পরিক সহযোগিতার ব্যাপক সুযোগ রয়েছে।
তিনি আরও বলেন যে বেসরকারি পর্যায়ে রপ্তানিমুখী যেকোনো উদ্যোগকে বাংলাদেশ স্বাগত জানাবে। বিশেষ করে দেশের চরাঞ্চলে অর্গানিক শসা ও বেবি কর্ন চাষের পরিকল্পনা রয়েছে সরকারের।নেদারল্যান্ডের কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি দেশীয় প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায় তবে তাদের সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
নেদারল্যান্ডের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বাংলাদেশের কৃষিখাতে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন যে উন্নত বীজ, কোল্ড চেইন, হর্টিকালচার এবং অ্যাকুয়াকালচার খাতে তার দেশ বিশেষ অবদান রাখতে চায়। এছাড়া গ্রিন হাউস প্রযুক্তি এবং কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণেও নেদারল্যান্ডস বাংলাদেশকে কারিগরি ও প্রটোকল সুবিধা দিয়ে সহযোগিতা করতে আগ্রহী বলে তিনি জানান।
এনএন/ ১৯ এপ্রিল ২০২৬









