শাহ আমানত বিমানবন্দরে ৯টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

চট্টগ্রাম, ১৮ এপ্রিল – মধ্যপ্রাচ্যের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রভাবে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বিপর্যয় অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি চললেও এর ধারাবাহিকতায় গত দুই দিনে বিমানবন্দরটিতে ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, গত ১৬ এপ্রিল বৃহস্পতিবার ও ১৭ এপ্রিল শুক্রবার এই ফ্লাইটগুলো বাতিল করা হয়।
বাতিলের তালিকায় রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ডিপার্চার এবং ইউএস বাংলার একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট। এ ছাড়া এয়ার আরাবিয়ার শারজাহ রুটের দুটি অ্যারাইভাল ও দুটি ডিপার্চার এবং সালাম এয়ারের মাস্কাট রুটের একটি অ্যারাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এই দুই দিনে বাতিল হওয়া ফ্লাইটের বিপরীতে ১২টি অ্যারাইভাল ও ১১টি ডিপার্চার ফ্লাইট সফলভাবে পরিচালিত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে শাহ আমানত বিমানবন্দরে এখন পর্যন্ত মোট ৩২২টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। এতে মধ্যপ্রাচ্যগামী প্রবাসী কর্মীদের যাতায়াতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে।
এস এম/ ১৮ এপ্রিল ২০২৬









