উত্তর আমেরিকা

যুক্তরাষ্ট্রে পারমাণবিক ও মহাকাশ বিজ্ঞানীদের রহস্যজনক মৃত্যুতে উদ্বেগ

ওয়াশিংটন, ১৭ এপ্রিল – যুক্তরাষ্ট্রের পারমাণবিক, মহাকাশ ও উন্নত গবেষণার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১০ জন ব্যক্তির রহস্যজনক মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনায় দেশটিতে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। হোয়াইট হাউস পর্যন্ত গড়ানো এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে উচ্চপর্যায়ে। সম্প্রতি হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান যে এসব ঘটনার মধ্যে কোনো সুনির্দিষ্ট যোগসূত্র রয়েছে কি না তা এখনো যাচাই করা হয়নি। পরিস্থিতির প্রয়োজনে সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কথা বলে এই প্রশ্নের জবাব দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী এসব ঘটনা ২০২৩ থেকে ২০২৬ সালের মধ্যে সংঘটিত হয়েছে। ভুক্তভোগী ব্যক্তিরা নাসা জেট প্রপালশন ল্যাবরেটরি, লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরি এবং বিভিন্ন বেসরকারি সংস্থায় গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন। উল্লেখযোগ্য ঘটনার মধ্যে রয়েছে নাসা জেপিএলের কর্মী মাইকেল ডেভিড হিকসের অস্বাভাবিক মৃত্যু এবং ২০২৬ সালে নিজ বাসায় জ্যোতির্পদার্থবিদ কার্ল গ্রিলমেয়ারের হত্যাকাণ্ড।

এছাড়া সম্প্রতি মার্কিন বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল উইলিয়াম নিল ম্যাকক্যাসল্যান্ড নিউ মেক্সিকোর আলবুকার্ক থেকে নিখোঁজ হয়েছেন। সাবেক মার্কিন কর্মকর্তারা এসব ঘটনাকে সন্দেহজনক বলে মনে করছেন। কংগ্রেস সদস্য টিম বারচেট একে কোনো কাকতালীয় ঘটনা বলে মানতে নারাজ। এই বিজ্ঞানীরা অনেকেই সংবেদনশীল ও উন্নত প্রযুক্তি প্রকল্পে যুক্ত থাকায় পুরো বিষয়টি জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। বর্তমানে কংগ্রেস ও গোয়েন্দা সংস্থাগুলো এই রহস্য উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এস এম/ ১৭ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language