১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে আজ স্বাধীনতা পদক দেবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৬ এপ্রিল – জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বিকেলে এক অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা পদক তুলে দেবেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে যে বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ বছর দেশের সর্বোচ্চ জাতীয় এই পুরস্কারের জন্য স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাসহ দেশগঠনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মনোনীত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান এই পদক লাভ করছেন।
পদকপ্রাপ্ত অন্য ব্যক্তিরা হলেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে বিশিষ্ট উপস্থাপক এ কে এম হানিফ হানিফ সংকেত এবং সংগীতশিল্পী বশীর আহমেদ (মরণোত্তর)। ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান লিনু, সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক, এবং শিক্ষা ও আত্মত্যাগে মাহেরীন চৌধুরী (মরণোত্তর) এই পুরস্কারে ভূষিত হয়েছেন।
জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার বাবুকেও এই সম্মাননা প্রদান করা হচ্ছে।
প্রতিষ্ঠান পর্যায়ে এবার পদক পাচ্ছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন, এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।
১৯৭৭ সাল থেকে বাংলাদেশ সরকার প্রতিবছর স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই পদক দিয়ে আসছে।
পুরস্কার হিসেবে প্রত্যেককে পাঁচ লাখ টাকা, আঠারো ক্যারেট মানের পঞ্চাশ গ্রামের স্বর্ণপদক এবং একটি সম্মাননাপত্র প্রদান করা হয়।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬









