মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ার প্রত্যাশা ইসরায়েলের

তেল আবিব, ১৫ এপ্রিল – ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে বলে প্রত্যাশা করছে ইসরায়েল।

বুধবার ইসরায়েলি একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে দ্বিতীয় দফার বৈঠকের বিষয়ে যুক্তরাষ্ট্রের দেওয়া বার্তা নিয়ে ইরানে পাকিস্তানের প্রতিনিধিদলের উপস্থিতির মাঝেই ইসরায়েল এমন প্রত্যাশার কথা জানাল। মধ্যস্থতাকারীদের প্রচেষ্টায় উভয় পক্ষের মধ্যে সমঝোতার অগ্রগতি হয়েছে এবং বিবদমান দুই পক্ষই আলোচনার পরবর্তী দফার জন্য শিগগিরই পুনরায় বৈঠকে বসবে বলে আশা করা হচ্ছে।

আগামী ২২ এপ্রিল বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও কূটনীতির মাধ্যমে সংকটের সমাধানের সুযোগ তৈরি করতে মধ্যস্থতাকারীরা এই সময়সীমা আরও অন্তত দুই সপ্তাহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন।

আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, চুক্তির মেয়াদ বৃদ্ধিতে উভয় পক্ষই নীতিগতভাবে একমত হয়েছে। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে জড়িত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমানে পারমাণবিক কর্মসূচি, হরমুজ প্রণালি এবং যুদ্ধের ক্ষতিপূরণ সংক্রান্ত তিনটি প্রধান অমীমাংসিত বিষয় নিয়ে কাজ চলছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনার সমন্বয় করতে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনিরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বর্তমানে তেহরানে অবস্থান করছেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই দুই দেশের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

এনএন/ ১৫ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language